রাজবাড়ীর পাংশা উপজেলায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলতলা নামক স্থানে গত বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টায় দু’টি করিমনের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ১০ জন লালনভক্ত গুরুতর আহত হয় । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট লালন শাহের ওরশ থেকে করিমনযোগে লালনভক্তরা বাড়ি ফিরছিল। পথিমধ্যে পাংশা উপজেলার ফুলতলা নামক স্থানে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত করিমন লালনভক্তদের বহনকৃত করিমনটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ১ মহিলা ভক্তসহ ১০ লালনভক্ত আহত হয়। ঘটনার পর স্থানীয় জনতা আহতদের চিকিত্সার জন্য পাংশা হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহতদের মধ্যে মৃগী ইউপির লাড়ীবাড়ি গ্রামের লোকমান হোসেন, পিতা ইমান আলী, রুমা আক্তার ও তার স্বামী মো. মিজানুর রহমান ও লাহনী বটতলী কুষ্টিয়ার মুনাই আলীর ছেলে আকরামকে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
