নির্মাণ উপকরণের মূল্যবৃদ্ধির অজুহাতে কাজ ছেড়ে দিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। ফলে নির্মাণের অপেক্ষায় পড়ে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের নির্মাণ কাজ। এতে করে দেড় বছরেও শুরু করা যায়নি প্রায় ১০ কিলোমিটার গ্রামীণ সড়কের নির্মাণ কাজ। ঠিকাদারেরা কাজ সারেন্ডার করায় নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে এলজিইডি। এলজিইডি ফুলবাড়ি অফিস সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১১-১২ অর্থ বছরে উপজেলার পানিকাটা হতে তাজপুর রাস্তা, রুদ্রানী জয়ন্তি মোড় হতে পুরারীপুর রাস্তা, গলাকাটা মোড় হতে পুখুরী বাজার রাস্তা, দৌলতপুর ইউপি হতে জয়নগর রাস্তা, ফুলবাড়ি গ্রোথ সেন্টার হতে রুদ্রানীহাট রাস্তা ও রাঙ্গামাটি হতে চৌরাইট মোড় পর্যন্ত প্রায় ১০কিলোমিটার দৈর্ঘ্যের ছয়টি রাস্তা নির্মাণের জন্য জন্য দরপত্র আহবান করা হয়। নির্বাচিত ঠিকাদারেরা কার্যাদেশ নিয়েও দীর্ঘদিনেও কাজ শুরু না করায় একাধিকবার তাগিদ দেয়া হলে সংশ্লিষ্ট ঠিকাদারেরা কাজ সারেন্ডার করতে শুরু করেন একে একে। ফলে ঐ ছয় গ্রামীণ সড়কের নির্মাণ নিয়ে বিপাকে পড়তে হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। ঠিকাদারদের অভিযোগ, যে সময় টেন্ডার আহবান করা হয় তার পরপরই নির্মাণ সামগ্রীর দাম কয়েকগুণ বেড়ে যায়। যা এখনও অব্যাহত রয়েছে।
