রাঙ্গামাটিতে আজ অর্ধদিবস হরতাল ডেকেছে ছাত্রদল

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:১৭
রাঙ্গামাটিতে আজ শনিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রাঙ্গামাটি জেলা ছাত্রদল। শুক্রবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হরতালের এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার। গত ২৮ মার্চ বৃহস্পতিবার হরতালের দ্বিতীয়দিনে রাঙ্গামাটি শহরে দুপুরে পুরাতন বাস স্টেশনের দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগের হরতাল বিরোধী মোটর শোভাযাত্রা থেকে জেলা ছাত্রদল সভাপতি আবু শাদাত্ মোহাম্মদ সায়েম ও স্বেচ্ছাসেবক দলের পৌর সভাপতি খোরশেদ আলমের উপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তারা বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিত্সাধীন আছে। বিনা উস্কানিতে সরকারি দলের এই হামলার প্রতিবাদে হরতালের ডাক দেয়া হয়। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বিএনপি নেতা কর্নেল অবঃ মনিষ দেওয়ানসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।