‘শিশুরা সাজাবে নতুন পৃথিবী’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার রাজধানীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ১ম আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উত্সব।
বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এই উত্সবে বাংলাদেশসহ ১৭টি দেশের ৭০টি শিশুতোষ অ্যানিমেশন কার্টুন প্রদর্শিত হবে। উত্সবের আয়োজন করেছে চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশ (সিসিবি)। সহযোগিতায় রয়েছে ইফাদ মাল্টি ফুড প্রোডাক্ট লিমিটেড। গতকাল উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুস্তাফা মনোয়ার। আরো উপস্থিত ছিলেন দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর এমপি, এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। উত্সব উপলক্ষে একটি অ্যানিমেশন কার্টুন লোগো উন্মোচন করা হয়েছে। এছাড়া পোস্টার, স্যুভেনির, ফেষ্টুন, টি-শার্ট ও কার্ডের মাধ্যমে থাকছে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন খেলা এবং কার্টুন মীনা, রাজু, মিঠু, মিকিমাউস, হালুম ও এগি পাপেটের সাথে মজার আয়োজন।
উত্সবের প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ প্রসঙ্গে উত্সবের পরিচালক রবিউল ইসলাম রবি বলেন, ছাত্র-ছাত্রীদের জন্য উত্সবে অংশগ্রহণকারী এতগুলো দেশের নানা স্বাদের কার্টুন ছবি দেখার এটা একটা দুর্লভ সুযোগ। যেসব স্কুলের নিজস্ব পরিবহন নেই অথবা পরিবহন ভাড়া করার সামর্থ্য নেই, তাদের জন্য উত্সব কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থা করেছে।
