ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নির্বাচনে দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক সালেহউদ্দিন সভাপতি (পুনর্নির্বাচিত) এবং দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ওয়াকিল আহমেদ হিরন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মো. ইলিয়াস হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), যুগ্ম সম্পাদক সাজেদুল হক (মানবজমিন), কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান (নয়া দিগন্ত), দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইয়াছিন (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট), সদস্য পদে মাশহুদুল হক (এটিএন নিউজ), নাজমুল আহসান রাজু (সংগ্রাম), মনিরুজ্জামান মিশন (নিউ এইজ), জাকিয়া আহমেদ (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম)। এর আগে ফোরামের সভাপতি সালেহউদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি স্বপন দাস গুপ্ত ও ফারুক কাজী, সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল হান্নান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রিপোর্টার্স অ্যাগেইন্সট করাপশনের সভাপতি মিজান মালিক ও অ্যাডভোকেট আলী আসগর স্বপন প্রমুখ। ফোরামের সাধারণ সম্পাদক মাশহুদুল হক বার্ষিক প্রতিবেদন এবং আজিজুল ইসলাম পান্নু বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভা পরিচালনা করেন ইলিয়াস হোসেন। এছাড়া নির্বাচন পরিচালনা করেন মো. শহীদুজ্জামান, ফারুক কাজী ও অমিত তালুকদার।
