পুকুরে ডুবে ভার্সিটি ছাত্রের মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:২৩
রাজধানীর রায়েরবাজারের সুলতানগঞ্জ আখড়া মন্দির সংলগ্ন পুকুরে ডুবে অরিত্র পাল শিমুল নামে এক ভার্সিটি ছাত্রের মৃত্যু হয়েছে। শিমুল সুলতানগঞ্জে ৭/২ নম্বর বাড়িতে থাকতেন। তার চাচা সুশীল পাল জানান, অরিত্র কয়েকজন বন্ধুর সঙ্গে মন্দিরের পাশে পুকুরে গিয়েছিল। পরে তিনি জানতে পারেন যে সে ডুবে গেছে। বেলা ১টায় স্থানীয় লোকজন পুকুর থেকে অরিত্রকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ৩টায় চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। অরিত্র ধানমন্ডি ১৫ নম্বর সেক্টরে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। মতিঝিলে শ্রমিকের মৃত্যু : এদিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে চলন্ত ট্রাক থেকে নীচে পড়ে নিরব নামে এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল ভোর ৪টার দিকে ইট-বালু বোঝাই ট্রাকটি বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান নিরব। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।