সেনবাগে এক মন্দিরে অগ্নিসংযোগ

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২২:০৪
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজামারপুর গ্রামে এক বাড়ির মন্দিরে গত বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করেছে। মাষ্টার আশুতোষ ভৌমিকের বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি। একই সময় দুর্বৃত্তরা পাশের বিন্দাবন সাধুর বাড়ির একটি মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই বাড়ির লোকজনের চিত্কারের মুখে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে আসেন। ওই বাড়ি থেকে একটি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়। মাষ্টার আশুতোষ ভৌমিক গতকাল শুক্রবার স্থানীয় সাংবাদিকদের জানান, তাদের বাড়ির দরজায় স্থাপিত মন্দিরে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দৃর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে মন্দিরের দরজা, পর্দা ও মন্দিরের মধ্যে থাকা গুরুদেব ও রাধাকৃঞ্চের প্রতিকৃতিসহ বেশ কিছু ধর্মীয় বই পুড়ে যায়। এ সময় বাড়ির লোকজন আগুন দেখে চিত্কার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।