চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন উচ্চতর প্রযুক্তি

আপডেট : ০৬ মে ২০১৯, ২০:২০

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে রোবটিক্সল্যাব স্থাপনের বিকল্প নেই। চতুর্থ শিল্প বিপ্লবের কারণে আগামী পাঁচ থেকে দশ বছরে প্রযুক্তির বদৌলতে অনেক পুরনো পেশা হারিয়ে গিয়ে যোগ হবে নতুন নতুন পেশার। তাই আমাদেরকে এখন থেকেই শ্রমনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে মেধানির্ভর অর্থনীতির দিকে মনোনিবেশ করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আমাদেরকে এখনই উচ্চতর প্রযুক্তির দিকে নজর দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)  রোবটিক্স ল্যাব উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াকৈর হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এম এন শফিকুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে পলক আরো বলেন, ‘রোবটিক্স প্রযুক্তি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় হতে পারে গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমাদের ছেলেরা অত্যন্ত মেধাবী। আমাদের দেশের একজন মেধাবী বর্তমানে গুগলের পরিচালক। শুধু গুগল নয়, ইন্টেল, ফেসবুক, গুগলসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ছেলেরা ভালো করছে। সরকারের অন্যতম লক্ষ্য হলো আমাদের মেধাবীদেরকে দেশেই ধরে রাখা। এই মেধাবীদের  কাজে লাগাতে পারলে প্রযুক্তির জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে না।’

 তিনি  আরো বলেন, ‘আমাদের সহযোগিতার হাত বুয়েটের জন্য সবসময় প্রসারিত থাকবে। দেশের প্রযুক্তি ও প্রকৌশল ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বুয়েট। বুয়েটের হাত ধরেই দেশের অন্য সকল প্রযুক্তি প্রতিষ্ঠান এগিয়ে যাবে।’

বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, ‘এই ল্যাব কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্ট-এর জন্য নয়। সকল  বিভাগের শিক্ষার্থী-শিক্ষক এই ল্যাবে গবেষণা করতে পারবেন।’

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।