কম্পিউটার বিক্রিকে ছাড়িয়ে যাবে ট্যাবলেট পিসি

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ১৮:৩৪
কম্পিউটিং ডিভাইস হিসেবে ডেস্কটপ পিসি এখনও পর্যন্ত বাজারটা দখল করে রেখেছে। কম্পিউটিং ডিভাইস হিসেবে এখনও অনেকের কাছেই ডেস্কটপ পিসির বিকল্প নেই। এর পাশাপাশি পূর্ণাঙ্গ কম্পিউটিং ডিভাইস হিসেবে ল্যাপটপ বা নোটবুকজাতীয় ডিভাইসের জনপ্রিয়তাও রয়েছে সকলের মাঝেই। অন্যদিকে বাজারে ট্যাবলেট পিসি’র আগমন মাত্র বছর তিনেক। তবে এর মধ্যেই ডেস্কটপ, ল্যাপটপ ও নোটবুকের যথাযোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে শুরু করেছে এই ট্যাবলেট পিসি এবং এই বছরেই প্রথমবারের মতো বিক্রির পরিমাণে কম্পিউটারের বিক্রিকে ছাড়িয়ে যাচ্ছে ট্যাবলেট পিসি। এমনটাই জানিয়েছে প্রযুক্তি বাজার বিশ্লেষক সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)। তাদের হিসাব অনুযায়ী, চলতি বছরে ট্যাবলেট পিসির বিক্রি বাড়বে আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ। আর তাতে করে এ বছরে বিক্রির সংখ্যায় ট্যাবলেট পিসির পরিমাণ হবে ১৯০ মিলিয়ন ইউনিটের চেয়েও বেশি। অন্যদিকে ডেস্কটপ পিসির বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় থাকবে সামান্য কম। আর ল্যাপটপ বা নোটবুকের বিক্রির পরিমাণ মোটামুটি স্থিতিশীল অবস্থায় থাকবে। এই সুযোগেই ট্যাবলেট পিসির বিক্রির সংখ্যা হবে ডেস্কটপ, ল্যাপটপ বা নোটবুকের চাইতে বেশি। চলতি বছরে প্রথমবারের মতো ট্যাবলেট পিসি কম্পিউটারের বিক্রিকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি সামনের দিনগুলোতে এর বিক্রি আরও অনেক বাড়বে বলেই ধারণা করছে আইডিসি। তাদের হিসাব অনুযায়ী, ২০১৭ সাল নাগাদ বছরে ট্যাবলেট পিসি বিক্রির সংখ্যা হবে ৩৫০ মিলিয়নেরও বেশি। অর্থাত্, কম্পিউটিং ডিভাইস হিসেবে ট্যাবলেট পিসির জনপ্রিয়তা দিনকে দিন বাড়তেই থাকবে। আইডিসি জানিয়েছে, ট্যাবলেট পিসির বাজারে অ্যাপল’র বাজার ক্রমেই কমে যাচ্ছে আর সেই স্থানে স্যামসাং এগিয়ে আসছে বিক্রির সংখ্যায়। ট্যাবলেট পিসির পাশাপাশি স্মার্টফোনের বিক্রিও দিন দিন বাড়ছে এবং এই বৃদ্ধি চলতি বছরেও অব্যাহত থাকবে। ২৭ শতাংশ স্মার্টফোন বিক্রির বৃদ্ধিতে এ বছরে বিশ্বব্যাপী স্মার্টফোনের বিক্রির সংখ্যা হবে ৯০০ মিলিয়নেরও বেশি। এদিকে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের পরিমাণও দিন দিন বাড়ছে। গত বছরে ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের বিক্রি বেড়েছে আগের বছরের তুলনায় প্রায় ২৯.১ শতাংশ। গোটা বিশ্বই এখন ইন্টারনেট আর মোবাইল ডিভাইসের দিকে ঝুঁকে পড়ছে বলেই মন্তব্য করেছে আইডিসি।