কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার ৬ ইউনিয়নে (ছালিয়াকান্দি, বাবুটিপাড়া, জাহাপুর, ধামঘর, পাহাড়পুর ও দারোরা) গ্যাস সংযোগের দাবিতে গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল-মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। উপজেলার ছালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকারের নেতৃত্বে মিছিলটি ছালিয়াকান্দি বাজার হতে শুরু হয়ে নেয়ামতকান্দি, আমপাল, মাধবপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছালিয়াকান্দি বাজারে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইউপি মেম্বার তৌহিদ মিয়া, অরুন কুমার রায়, মিজানুর রহমান, মোস্তফা কামাল, আজাদ সরকার, তিতাস সূত্রধর, আরিফুল ইসলাম, দানু মিয়া, ছালাম সরকার, ইব্রাহিম মিয়া, আবুল কাশেম ও আসাদুল সরকার প্রমুখ।
মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাসের
দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌরবাসী। গতকাল শনিবার দুপুরে পৌর সামাজিক কল্যান সমিতির ব্যানারে শতশত বিক্ষুব্ধ জনতা মিছিল বের করে। মিছিলটি শহরের গঙ্গাধরপট্টি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করে। সমাবেশে সমিতির সভাপতি কামরুল হুদা সেলিম, সাধারন সম্পাদক আলিয়া রহমান, নারী নেত্রী সাবিহা হাবিব বক্তব্য রাখেন। এসময় বক্তারা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবী জানান হয়।
