সিরিয়ার বিদ্রোহীদের দখলে গুরুত্বপূর্ণ ডায়েল শহর

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:০০
সিরিয়ার বিদ্রোহীরা জর্দান সীমান্তের কাছে রাজধানী দামেস্ক ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারার মধ্যকার প্রধান সংযোগ সড়কের ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ ডায়েল শহরটি দখল করেছে। সেখানে সংঘর্ষে সেনাবাহিনী, বিদ্রোহী যোদ্ধা এবং বেসামরিক নাগরিকসহ প্রায় চল্লিশ জন নিহত হয়েছে। লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) একথা জানিয়েছে। সংস্থাটি গত শুক্রবার বলেছে, ডায়েল শহরটি দখল করার জন্য সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন শিশুসহ ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিদ্রোহীরা ডায়েল দখল করতে গিয়ে শহরের প্রবেশমুখে তিনটি সামরিক চৌকি ধ্বংস করেছে। এসময় কমপক্ষে ১৫ বিদ্রোহী যোদ্ধা, একজন গণমাধ্যমকর্মী এবং আসাদের অনুগত বাহিনীর ১২ সেনা নিহত হয়েছে। এসওএইচআর-এর পরিচালক রামি আব্দেল রহমান বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, দারায় জমিতে সারিবদ্ধভাবে পড়ে থাকা কাটা ফসল এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দক্ষিণাঞ্চলে তাদের এই অগ্রগামিতা ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। বিদ্রোহীরা একটু একটু করে প্রাদেশিক রাজধানীর কাছাকাছি এগুচ্ছে এবং বেশ কিছু শহর ও গ্রাম এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণমুক্ত। দারা নগরী রাজধানী দামেস্ক থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে, রাজধানী দামেস্কের কাবুন এবং ইয়ারমুকসহ বেশ কয়েকটি জেলায় নতুন করে সহিংসতার আগুন ছড়িয়ে পড়েছে।