চার্চের রীতি ভেঙে হলি থার্সডের আনুষ্ঠানিকতায় রোমের একটি কিশোর অপরাধ কেন্দ্রে ১০ কিশোরের পাশাপাশি দুই তরুণীর পা ধুয়ে দিয়েছেন পোপ ফ্রান্সিস। এর মধ্য দিয়ে প্রথম একজন পোপ হিসেবে হলি থার্সডের আনুষ্ঠানিকতায় পুরুষের সঙ্গে নারীদের অন্তর্ভুক্ত করলেন ফ্রান্সিস, পোপ নির্বাচিত হওয়ার পরই যিনি দিয়েছিলেন পরিবর্তনের ইঙ্গিত।
গত ১২ মার্চ বিশ্বের ১২০ কোটির বেশি রোমান ক্যাথলিকের ধর্মীয় নেতা নির্বাচিত হন আর্জেন্টিনার হোর্হে মারিও বেরগোলিও। পোপ হিসেবে তিনি নাম নেন প্রথম ফ্রান্সিস, যে ফ্রান্সিস পরিচিত হয়ে আছেন দরিদ্রবান্ধব, সহজ-সরল জীবনযাপন ও বিনয়ের প্রতীক হিসেবে। যিশু খ্রিস্ট মৃত্যুর আগের রাতে তার অনুসারীদের পা ধুয়ে দিয়ে বিনয়ের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার অনুসরণে আনুষ্ঠানিকতা পালনে বৃহস্পতিবার রোমের ক্যাসাল দেল মারমো কিশোর অপরাধ কেন্দ্রে যান নতুন পোপ। সেখানে ১০ জন কিশোরের সঙ্গে দুই তরুণীর পা ধুয়ে দেন তিনি। তাদের পায়ে চুমুও খান পোপ।
ভ্যাটিক্যানের মুখপাত্র জানান, পোপ যাদের পা ধুয়ে দিয়েছেন তাদের মধ্যে দুইজন মুসলিম বন্দীও রয়েছেন। যিশু খ্রিস্ট যেসব অনুসারীর পা ধুয়ে দেন তারা সবাই পুরুষ হওয়ায় হলি থার্সডের আনুষ্ঠানিকতা এতোদিন পুরুষের মধ্যে সীমাবদ্ধ রাখেন রোমান ক্যাথলিকদের সব ধর্ম গুরু। সেই রীতিই ভেঙে দিলেন পোপ ফ্রান্সিস। এর আগে বুয়েন্স আইরেসের আর্চবিশপ থাকাকালেও এই ধর্মীয় অনুষ্ঠানে নারীদের অন্তর্ভুক্ত করেছিলেন তিনি। এবার তার মধ্য দিয়েই প্রথমবারের মতো কোনো পোপের হলি থার্সডের আনুষ্ঠানিকতায় যুক্ত হলেন নারী। ক্যাসাল দেল মারমোয় কিশোর অপরাধীদের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেন, তিনি নিজেসহ সবাইকে অন্যের সেবা করতে হবে।
