‘শিল্পীদের ভালো কাজের জন্য পারিপার্শ্বিক সহযোগিতাও দরকার’

আপডেট : ০৬ মে ২০১৯, ২০:৩৮

সঙ্গীতশিল্পী লুইপা। সম্প্রতি তার নতুন একটি গান রিলিজ পেলো। এছাড়াও ঈদ নিয়ে রয়েছে বিভিন্ন পরিকল্পনা। সার্বিক এই বিষয়গুলো নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

সম্প্রতি আপনার নতুন একটি গান রিলিজ পেলো। শুরুতে এই প্রসঙ্গে জানতে চাই—

সম্প্রতি ‘অপরূপ বাংলাদেশ’ শিরোনামে আমার একটি দেশাত্ববোধক গান রিলিজ পেয়েছে। কবির বকুলের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন উজ্জল সিনহা। ‘বায়ান্ন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে গানটির রিলিজ পেয়েছে।

 

সামনে ঈদের জন্য বিশেষ গান ও অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে বলুন?

ঈদে নতুন একটি গান রিলিজ পাবে আমার। এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে সেটির পরিকল্পনা চলছে। এছাড়া নিয়মিত টিভি অনুষ্ঠান ও স্টেজ শো নিয়ে ব্যস্ততা তো চলছেই।

 

এক সময় ঈদ মানেই গান রিলিজের উত্সব ছিল। এখন সেই উত্সব দেখা যায় না। একজন সঙ্গীতশিল্পী হিসেবে সেই অভাববোধটা কাজ করে কিনা?

অবশ্যই একটা অভাববোধ তো কাজ করেই। কারণ আমাদের কাজ হলো শ্রোতাদের গান উপহার দেওয়া। বিশেষ দিবসে শ্রোতাদেরও একটা প্রত্যাশা থাকে অনেকগুলো নতুন গান পাওয়ার। এখনো নতুন গান রিলিজ পাচ্ছে। তবে আগের মতো উত্সবমুখর পরিবেশটা আর নেই।

 

এখন ডিজিটাল প্লাটফর্মে গান রিলিজ হচ্ছে। এক্ষেত্রে রয়্যালিটি নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়েছে কি-না?

শুরুর দিকে এমন অভিজ্ঞতা ছিল। তবে আমি চেয়েছিলাম আমার গানগুলো শ্রোতারা শুনুক। সেই জায়গা থেকে মেনে নিতাম। এখন অনেকটা সচেতন। আর এই জায়গাটার অনেক উন্নতি হয়েছে এখন।

 

এখন শ্রোতাদের মনে রাখা মতো গান কী কম হচ্ছে মনে করেন?

সেটা হয়তো হচ্ছে। তবে শিল্পীদের সৃষ্টি করার জন্য পৃষ্ঠপোষকাতা প্রয়োজন। যাতে তার টাকার চিন্তার চেয়ে কাজের প্রতি বেশি ফোকাস দিতে পারে। তাই শিল্পীদের ভালো কাজের জন্য পারিপার্শ্বিক সহযোগীতাও দরকার’।