ভারত সফর

আজ যাচ্ছেন মহিলা ক্রিকেটাররা

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:২৬
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আজ ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ২৫ জনের দলটিতে আছেন ১৫ জন খেলোয়াড়, পাঁচ জন স্ট্যান্ডবাই ও পাঁচজন অফিসিয়াল । একদিন পর ভারতের বরোদায় ২ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের এই সফর। এদিকে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক সালমা খাতুন হলেও সহ-অধিনায়ক করা হয়েছে ফারজানা হক পিংকিকে। এর আগে নিয়মিত সহকারী অধিনায়ক ছিলেন আয়শা রহমান। কোচ হিসেবে দলের সাথে যাচ্ছেন শ্রীলংকান প্রিয়ারাজ ভিরাসিং ওসি এবং সহকারী কোচ মমতা মাবেন। যদিও দলের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মমতা। কিন্তু দলের সফরসঙ্গী করতেই মমতাকে সহকারী কোচ করা হয়েছে। দলের ম্যানেজার করা হয়েছে মহিলা বিভাগের সদস্য সাবরিনা আহমেদ হোসেন, ফিজিও- সুরাইয়া আকতার এবং ট্রেনার- ইফতি খায়রুল ইসলাম। ২, ৪ ও ৫ এপ্রিল তিনটি টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ এপ্রিল থেকে আহমেদাবাদে। ১২ এপ্রিল সফর শেষে পরদিন সকালে বাংলাদেশ দল ঢাকায় ফিরবে। ভারত সফরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল: সালমা খাতুন (অধিনায়ক), ফারজানা হক পিংকি (সহ-অধিনায়ক), আয়শা আকতার, পান্না ঘোষ, লতা মন্ডল, জাহানারা আলম, রুমানা আহমেদ, নুঝাত তাসনিম, আয়শা রহমান, সুলতানা ইয়াসমিন বৈশাখী, রিতু মনি, তাজিয়া আকতার, শাহনাজ পারভিন ও ফাহিমা খাতুন। স্ট্যান্ডবাই: শায়লা শারমিন, সাথিরা জাকির জেসি, সাবিকুন নাহার জেসমিন, লিলি রানি ও রিফাত আরা ময়না।