দেশের প্রয়োজনে ভূমিকা রাখতে প্রস্তুত থাকতে হবে - ঢাবি ভিসি

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দেশ ও জাতির প্রয়োজনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার বিভাগীয় মিলনায়তনে অণুজীব বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাহমুদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশেষ অতিথি এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক মাহবুবার রহমান খান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অণুজীব বিজ্ঞান বিভাগের প্রবীণ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম খান শুভেচ্ছা বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় ছাত্র-উপদেষ্টা সহযোগী অধ্যাপক সংগীতা আহমেদ। উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দেশ ও জাতির প্রত্যাশা সবচেয়ে বেশি। দেশপ্রেম, মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে জাতির এ প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে। মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, অতীত ঐতিহ্য সমুন্নত রেখে আগামীদিনেও জাতির প্রয়োজনে শিক্ষার্থীদের সঠিক ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে ২০১১ সালের স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৬ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।