১৯৭২ সালের দালাল আইনে অভিযুক্ত ১১ হাজার যুদ্ধাপরাধীর বিচার কার্য পুনরায় শুরু করার দাবি জানিয়েছে ‘আমরা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা’ নামের একটি সংগঠন। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা গণজাগরণ মঞ্চের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে অবিলম্বে জামায়াত-শিবিরসহ অন্যান্য মৌলবাদী সংগঠন বন্ধের দাবি জানান। একইসঙ্গে তারা বিএনপিকে জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগেরও আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি প্রথমে শাহবাগ গণজাগরণ মঞ্চকে স্বাগত জানালেও পরে জামায়াতের সাথে হাত মিলায়। তারা বিএনপির ঘন ঘন হরতাল, গাড়ি ভাংচুর, বোমাবাজির তীব্র নিন্দা জানান। লিখিত বক্তব্যে বলা হয়, হেফাজতে ইসলাম জামায়াত-শিবির ছদ্মনামে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা প্রকৃতপক্ষে জামায়াতের কর্মসূচিই বাস্তবায়ন করে চলেছে। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক শিবনারায়ণ দাস।
