৭ দফা দাবি আদায়ে দলিল লেখক সংগ্রাম কমিটি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করেছে। দাবি না মানলে কর্মসূচির মধ্যে রয়েছে পর্যায়ক্রমে ১৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২রা মে, ৭ মে থেকে ৯ মে তিনদিন পূর্ণদিবস কর্মবিরতি এবং ২১, ২২, ২৬, ২৭, ২৮ ও ৩০ মে ৭ দিন লাগাতার কর্মবিরতি। দাবি আদায় না হলে ৬ জুলাই ঢাকায় মহাসমাবেশ। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কর্মসূচির কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির আহ্বায়ক এম এ রশিদ, সদস্য সচিব ফরিদুল ইসলাম বাহাদুর, এম এ তাহের, ফিরোজ মিয়া, কে এম আওলাদ হোসেন, আজিজুল ইসলাম, গোলাম গোস্তফা প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না, আইনমন্ত্রীর প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানী ভাতা নিম্নতম ৪ হাজার টাকা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল লিখতে ও মুসাবিদা করতে পারবে না।
