বাড্ডায় সন্ত্রাসীদের সংঘর্ষে বাস চালক গুলিবিদ্ধ

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:৩৮
রাজধানীর বাড্ডা এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে এক বাসচালক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহজাহান টঙ্গী-রামপুরা-সদরঘাট রুটে সুপ্রভাত পরিবহনের বাসচালক। ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন শাহজাহান জানান, গতকাল দুপুর ১টার দিকে গাড়ি অন্য একজন বাসচালকের কাছে দিয়ে তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। ডিআইটি প্রজেক্টের চার নম্বর সড়কে পৌঁছলে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়েন। এ সময় একটি গুলি তার পেটের ডানদিকে বিদ্ধ হয়। শাহজাহানের সহকর্মী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে বাড্ডা থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গেলেও তাত্ক্ষণিকভাবে দুর্বৃত্তদের আটক করতে পারেনি।