শিক্ষার নতুনত্ব প্রসার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণা সংযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচ বছর মেয়াদী হেকেপ (উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্প) বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০০৯-২০১৩ মেয়াদে ৬৮১ কোটি টাকার এ প্রকল্পে যৌথভাবে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার অর্থায়ন করছে। প্রকল্পের প্রথম পর্বের সাফল্য ও মূল্যায়নের ওপর গতকাল শনিবার অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, আজ একটি বড় উত্সবের দিন এবং অর্জিত জ্ঞান বিনিময়ের দিন। তিনি বলেন, আমাদের উপ-প্রকল্প প্রণয়ন করা হয়েছে বিশ্ববিদ্যালয়সমূহ এবং হেকেপ এর সহকর্মীদের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে নবধারা, শিখন পঠন, পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, বৈশ্বিক ও ডিজিটাল শিক্ষা এবং গবেষণার সংযোগ সৃষ্টির লক্ষ্যে। আমি আশা করি, এই প্রকল্পের সফলতা বাকিদের জন্য অনুপ্রেরণার উত্স হবে।
ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালার স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক কানিজ ফাতিমা বলেন, আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রথম পর্যায়ের ১২ টি উপ-প্রকল্পের এসপিএমদের। এই কর্মশালার মাধ্যমে তাদের কর্মকাণ্ড ও সাফল্য দেখে যাতে অন্যরা এ থেকে শিখতে পারে। এই নতুন ও সফল উপ-প্রকল্পের মধ্য দিয়ে আমরা ইতিবাচক শিক্ষা নিতে পারব।
কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কর্মের উপর প্রবন্ধ উপস্থাপন করা হয়। কর্মশালায় জানানো হয়, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে-বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান, শিক্ষালাভ ও গবেষণার মান ও সামঞ্জস্যতা বাড়ানোর অনুকূল পরিবেশ প্রতিষ্ঠা করা এবং নতুনত্ব ও গ্রহণযোগ্যতার ওপর গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়গুলোকে বাড়তি গণতহবিল বরাদ্দের জন্য দক্ষ ব্যবস্থাপনা সৃষ্টি করা।
এছাড়াও জানানো হয়, শিক্ষা নতুনত্ব তহবিল দুটি পর্যায়ে বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৭০০-এর বেশি প্রাথমিক প্রস্তাবনা জমা দেয়া হয়, সেগুলোর মধ্য থেকে ৫৫৪ টি হেকেপ এ প্রেরণ করা হয়, কমপ্লিট প্রপোজাল (সিপি) হিসাবে এবং শেষ পর্যন্ত ৯১ টি উপ-প্রকল্প ১৮৩ কোটি টাকার প্রকল্প লাভ করে। সব মিলিয়ে ২৭ টি বিশ্ববিদ্যালয় এই প্রকল্প লাভ করে। এর মধ্যে ২৫ টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং ২ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
দ্বিতীয় পর্যায়ে ৫৯০ সিপি হেকেপ এ জমা দেয়া হলে তার মধ্যে ১৮৯ কোটি টাকার ১০৫ টি উপ-প্রকল্প প্রদান করা হয়। ২৭ টি বিশ্ববিদ্যালয় এই প্রকল্প লাভ করে।
