টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে তুলা গুদাম ভষ্মিভূত হয়েছে। সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার এলেঙ্গা জামে মসজিদ সংলগ্ন ভাই ভাই এন্টারপ্রাইজের তুলা গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, বিকেল সোয়া পাঁচটার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তুলা গুদামে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর পূর্বেই প্রচণ্ড আগুনে অল্প সময়ের মধ্যে তুলা গুদামটি ভষ্মিভূত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে তুলা গুদামের মালিক ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আমজাদ হোসেন বলেন, ‘আমার তুলা গুদামে আগুন লাগার কোন কারণ আমি দেখতে পাচ্ছি না। কারণ গুদামে কোন বিদ্যুৎ বা গ্যাস লাইন ছিল না। যে কেউ শত্রুতাবশতঃ এ ঘটনা ঘটিয়েছে। অগ্নিকাণ্ডে আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল শেষ হয়ে গেছে।’
আরও পড়ুনঃ আগৈলঝাড়ায় অপহরণকারী যুবক বাপ্পির ১৪ বছরের কারাদণ্ড
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্র ছুটে এসেছি। কিন্তু তুলা গুদাম হওয়ায় ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আমরা আগুন নেভাতে সক্ষম হই। তবে কি কারণে আগুন লেগেছে এখনো বিষয়টি পরিষ্কার নয়।
ইত্তেফাক/নূহু
