চাঁদা না দেয়ায় কেরানীগঞ্জে কদমতলীর একটি সিএনজি ফিলিং স্টেশন গতকাল শনিবার বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। ৫ ঘণ্টা পর পুলিশের সহায়তায় তানাকা সিএনজি স্টেশনটি ফের চালু করা হয়। গ্যাস নিতে না পারায় শত শত সিএনজি অটোরিকশা চালকরা চরম ভোগান্তির শিকার হয়। মালিকপক্ষ সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলী এলাকার একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশন মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। গতকাল চাঁদা না দেয়ায় ১০-১৫ জন সন্ত্রাসীর একটি দল সিএনজি স্টেশনে ঢুকে জোরপূর্বক বন্ধ করে দেয়। সন্ত্রাসীদের দাপটে ফিলিং স্টেশনের কর্মচারী ও সিএনজি অটোরিকশা চালকরা চারিদিকে সরে যায়। তাদের অনুমতি ছাড়া সিএনজি স্টেশনটি চালু করলে আগুন ধরিয়ে দেবার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ আসার আগেই সন্ত্রাসীরা স্টেশনটি ত্যাগ করে। পরে পুলিশের সহায়তায় আবার চালু করা হয়।
সিএনজি অটোরিকশা চালক জলিল হাওলাদার জানান, উপজেলায় একটি মাত্র সিএনজি ফিলিং স্টেশন। শত শত সিএনজি অটোরিকশা চালকরা তানাকা থেকে গ্যাস নিয়ে থাকে। চাঁদাবাজরা ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
