শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
সোমবার বিকেলে বিভাগটির সেমিনার রুমে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ২৫ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. আব্দুল জলিল তথ্যটি জানান।
তিনি বলেন, সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী এ উৎসব আগামী ২০২০ সালের জানুয়ারি মাসের ৯/১০ তারিখ অনুষ্ঠিত হবে। দেশে অবস্থানরত শিক্ষার্থীরা এককভাবে অংশগ্রহণের জন্য দুই হাজার টাকা, কপোল ৩ হাজার টাকা ও বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ১০০ ডলার (ইউএসডি) হিসেবে রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে। এছাড়া কোনো শিক্ষার্থী দশ হাজার টাকা বা তার বেশি প্রদান করলে তাকে এলামনাই কন্ট্রিবিউটর হিসাবে গণ্য করা হবে।
আরও পড়ুন: ডাকাতিতে বাধা, গুলিতে নিহত ১
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. ফখরুল আলম, সহকারী অধ্যাপক প্রিয়াংকা ভট্টাচার্য, সমাজকর্ম এলামনাই অ্যাসোসিয়েশানের সভাপতি ড. মোঃ শামীম খান, প্রোগ্রামের প্রচার বিভাগের যুগ্ম আহ্বায়ক প্রদীপ চন্দ্র দাশ এবং রেজিস্ট্রেশন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মিঠু প্রমুখ।
ইত্তেফাক/অনি
