জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২০:৫৫
তেভাগা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত কৃষকের সংগ্রাম এদেশের ধর্ম ব্যবসায়ী সামপ্রদায়িক শক্তিকে রুখে দিয়েছে। এখন যখন আবার ধর্মের প্রশ্নে দেশের মানুষের মধ্যে বিভেদ বিভ্রান্তি তৈরি করে পরাজিত শক্তি দেশজুড়ে ও নৈরাজ্য চালাচ্ছে তার বিরুদ্ধে কৃষকসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার বিকালে বরিশালের উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে জাতীয় কৃষক সমিতি, বরিশাল এর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি একথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবির যে নৈরাজ্য চালাচ্ছে তার প্রধান শিকার হচ্ছেন কৃষকসহ গ্রামের সাধারণ মানুষ। জামায়াতের আক্রমণে কানসাটে পল্লী বিদ্যুত্ কেন্দ্র ভস্মীভূত হওয়ায় সেখানকার ১৫টি ইউনিয়নে ৪৫ হাজার কৃষক বিদ্যুত্ সংযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কয়েক হাজার একর জমির বোরো ধান ক্ষেতেই শুকিয়ে গেছে। এ বছর সেখানে মঙ্গা দেখা দিতে পারে।