বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং বাজার পরিস্থিতির ওপর সর্তক দৃষ্টি রাখার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে। রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি এবিএম আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। সভায় বর্তমান বাজারদর পরিস্থিতি সঠিক পর্যায়ে রাখার জন্য সন্তোষ প্রকাশ করা হয়। কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, তহুরা আলী, রুমানা মাহমুদ ও শেখ আফিল উদ্দিন সভায় অংশগ্রহণ করেন।
সভায় শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় স্থায়ী কমিটির ২৩ থেকে ৪০ তম বৈঠক পর্যন্ত গৃহীত সুপারিশসমূহের মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। অবাস্তবায়িত সুপারিশগুলো কেন বাস্তবায়ন হয়নি তা খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া টিসিবিকে শক্তিশালীকরণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের টিসিবির অনুরূপ সংস্থা অত্র কমিটির সদস্যদের পরিদর্শনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর, অধিদপ্তরের র্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
