শুধু রাজধানীর একটি অংশেই ৪০ হাজার ফ্ল্যাট মালিকের কোন কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই। অর্থাত্ তারা কর দেন না। গতকাল ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ফিকি) মাসিক মধ্যাহ্নভোজ সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, আমরা রাজধানীর একটি অংশে জরিপ চালিয়েছিলাম। তাতে দেখা গেছে, ৪০ হাজার ফ্ল্যাট মালিকের কোন টিআইএন নেই। এর একটি কারণ হচ্ছে, এসব ফ্ল্যাট মালিকের অনেকেই কোন প্রদর্শিত অর্থ ছিল না। আগামী নির্বাচনের পর এ বিষয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, দেশে মাত্র ৬০ লাখ মানুষের টিআইএন আছে। যার মধ্যে নিয়মিত করদাতার সংখ্যা মাত্র ১৩ লাখ। ফিকি’র প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিকি’র নির্বাহী পরিচালক এমএ মতিন, নির্বাহী কমিটির সদস্য অরুন কুল ও অ্যাম্বাসেডর ফারুক সোবহানসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা।
আগামী ২০১৩-১৪ অর্থ বছরের বাজেটে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি কমপক্ষে ১৭ শতাংশ হিসেবে ধরা হবে জানিয়ে তিনি বলেন, চলতি অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধি ১৭ শতাংশ। আগামী বাজেটেও এ রকমই থাকছে। বাড়তি রাজস্বের এ জন্য নতুন বা অতিরিক্ত কর আরোপ করা হবে না।
সৈয়দ এরশাদ আহমেদ চলমান রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন।
