৮ মাসে ৪৩ কোটি ৭০ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:০৫
চলতি অর্থ বছরের (২০১২-২০১৩) জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩ কোটি ৭০ লাখ ডলার অর্থছাড় করেছে বিশ্বব্যাংক। আগের অর্থ বছরের একই সময় অর্থছাড় হয়েছিলো ২৮ কোটি ৩৫ লাখ ডলার। বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পগুলো নিয়ে শনিবার অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অনুষ্ঠিত বৈঠকে ১৩টি প্রকল্প নিয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়। ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান ক্রিস্টিনা কিম, বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এ সময়। বৈঠকের বিষয়ে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংকের সহযোগিতায় ৩৬ প্রকল্পে সাড়ে ৪ বিলিয়ন ডলারের প্রকল্প চলমান রয়েছে। এগুলোর মধ্যে ১৩টি প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। যার মধ্যে কয়েকটি ধীরগতির প্রকল্প ছিলো। এগুলোর বাস্তবায়ন হার বৃদ্ধির জন্য কয়েকটি প্রকল্পের কাঠামো পরিবর্তন এবং প্রকল্প পরিকল্পনায় সংশোধনী প্রয়োজন। বৈঠকে কয়েকটি প্রকল্পের কাঠামো সংশোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ঢাকা শহরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন প্রকল্প, চট্টগ্রাম শহরের পানি ও পয়ঃনিষ্কাশন প্রকল্প, বেসরকারি খাত উন্নয়ন প্রকল্প, বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ প্রকল্প, দ্বিতীয় নতুন জীবন প্রকল্প, জরুরি ঘূর্ণিঝড় মোকাবেলা এবং পুনরুদ্ধার প্রকল্প, অক্ষম শিশুদের জীবনমান উন্নয়নে নেয়া ডিজ্যাবিলিটি অ্যান্ড চিলড্রেন অ্যাট রিস্ক প্রকল্প এবং দক্ষতা ও প্রশিক্ষণের মান উন্নয়নের প্রকল্প রয়েছে। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান ক্রিস্টিনা কিম বলেছেন, বিগত ৪০ বছর যাবত্ বাংলাদেশের সাথে কাজ করে বিশ্বব্যাংক গর্বিত। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা লাখ লাখ মানুষের জীবনমান উন্নয়ন দেখতে চাই। একই সময় লক্ষ্য অর্জনে কাজের গতি এবং প্রকল্প বাস্তবায়নের মান উন্নয়ন করা প্রয়োজন।