‘জয়িতা’য় বাংলা নববর্ষ উপলক্ষে ‘জয়িতাতে জায়িতাদের মেলা’ শিরোনামে শুরু হয়েছে মাসব্যাপী মেলা। সারাদেশের নারী উদ্যোক্তার উত্পাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় হয় বলে এই মেলার এমন নামকরণ করা হয়েছে। মেলায় জয়িতাদের বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শনের পাশাপাশি চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। মেলা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।
গতকাল রবিবার ধানমন্ডির ‘রাপা প্লাজা’র চতুর্থ ও পঞ্চম তলায় এই মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে জয়িতার শাখা খোলার কাজ প্রক্রিয়াধীন। ময়মনসিংহের হালুয়াঘাটে জয়িতার একটি শাখা খোলার কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি সকলকে জয়িতার পণ্য কিনে নারী উদ্যোক্তাদের উত্সাহিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম বলেন, জয়িতার সুনাম আজ বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ছে।
