স্বপ্নগুলো যেন হারিয়ে না যায়

আপডেট : ০৬ মে ২০১৯, ২১:৩৯

আয়ান নোহা আলামিন

বহুল প্রতীক্ষিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল নিয়ে এখন থেকেই খুব উদগ্রীব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কার কি রেজাল্ট হলো, কে কেমন করলো এটা নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। দীর্ঘ দুটি বছর প্রচুর পরিশ্রমের ফলে তারা একটি ভালো রেজাল্টের আশায়।

হয়তো পিতামাতারা নিজেদের অপূর্ণতাকে পূর্ণতা দিতে চায় সন্তানদের ভালো রেজাল্টের মাধ্যমে। এই জন্য তারা সন্তানদেরকে পুরোটা সময় ঠেসে দিচ্ছে স্কুল,  কোচিং, বিভিন্ন প্রাইভেটের দিকে। তোমাকে কিন্তু প্লাস পেতেই হবে। এই করতে হবে, সেই করতে হবে, অমুকের রেজাল্ট কেনো তোমার চেয়ে ভালো। তোমাকে তো আমরা কোনো কিছু কম দিচ্ছি না ইত্যাদি অদ্ভুত অসুস্থ কিছু কথাবার্তা  বলে তাদের উপর প্রতিনিয়তই মেন্টালিটি প্রেসার তৈরি করছে।

কিন্তু তারা বুঝতে চায় না প্রতিটি মানুষ আলাদা, তাদের স্বপ্ন আলাদা, তাদের চিন্তা-ভাবনা আলাদা। কেউ হয়তো গাইতে পারে ভালো, কেউ হয়তো লিখতে পারে ভালো, কেউ পড়তে পারে ভালো আবার কেউ খেলতে পারে ভালো।

অর্থাত্ যে যেটাতে ভালো, যেটাতে ডেডিকেটেড থাকে সেটাতেই রাখুন না? কেনো তাদের ইচ্ছার বিরুদ্ধে ঢেলে দিচ্ছেন অযাচিত কিছু নিয়ম। কেন সন্তানদের মনের কথা না বুঝে, ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের সুন্দর বর্তমানটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন।

তাদের শৈশব, কৈশোরটা তাদের মতো করে উপভোগ করতে দিন। দয়া করে তাদের ভবিষ্যতের কথা ভেবে ভেবে সোনালি বর্তমানটা মাটি করবেন না। তাদের সঙ্গে শিশুসুলভ মন নিয়ে মিশুন। তাদেরকে তাদের মতো করে বোঝার চেষ্টা করুন। দেখবেন একটা সময় তারা আপনাদের অনেক কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে।

এই যে, পিএসসি, জেএসসি, এসএসসি জিপিএ ফাইভ কিংবা গোল্ডেন জিপিএ ফাইভ এইগুলো জীবনের কোনো কিছু নয়, শুধু এইগুলোই জীবনের স্বার্থকতা নয়, এইগুলোর মধ্যেই জীবন সীমাবদ্ধ নয়। জীবন একটাই। তার ক্যানভাস পরিধি অনেক বড়।

পরিশেষে একটি কথাই বলতে চাই জীবন সুন্দর, অদ্ভুত সুন্দর। শুধু সুন্দরভাবে বেঁচে থাকার কারণগুলো খুঁজে নিতে হয়। আপনার সন্তানের শৈশব-কৈশোরটা আনন্দময় হোক এবং স্মৃতির ক্যানভাসে বেঁচে থাকুক।

n লেখক শিক্ষার্থী:ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ