বায়ার্ন মিউনিখের শিরোপা উত্সব পিছিয়ে গেল। বুন্দেসলিগা শিরোপার জন্য আরো এক সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে মিউনিখকে। যদিও গত শনিবার বুন্দেসলিগা ম্যাচে তারা সফরকারী হামবুর্গকে ৯-২ গোলে হারিয়েছে। শিরোপা উত্সব না করতে পারলেও গোল উত্সব করেছে জাপ হেইঙ্কসের দল।
বায়ার্নের স্ট্রাইকার ক্লদিও পিজারো একাই চার গোল করেন। দুটি গোল এসেছে আরিয়েন রোবেনের কাছ থেকে। অপর তিনটি গোল করেন বাস্তিয়েন শোয়েনস্টেইগার, শেরডান শাকিরি এবং ফ্রাঙ্ক রিবেরি। এই জয়ে ডর্টমুন্ড থেকে ২০ পয়েন্ট ব্যবধানেই এগিয়ে থাকলো মিউনিখ। লিগের এখনো সাত ম্যাচ বাকি রয়েছে। এই শিরোপাটি হবে বায়ার্নের ২৩তম লিগ শিরোপা। জার্মানীতে লিগ ফুটবলে সবচেয়ে সফল দল মিউনিখ।
টানা দুইবারের চ্যাম্পিয়ন এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড ২-১ গোলে স্টুটগার্টকে হারানোয় শিরোপা উত্সব পিছিয়ে গেল মিউনিখের। ডর্টমুন্ড জয়বঞ্চিত হলেই শিরোপা উত্সব করতে পারতো বাভারিয়ানরা। তবে স্বাগতিকরা নিজেদের শক্তিমত্তার দারুণ প্রদর্শন দেখিয়েছে। অ্যালিয়েঞ্জ এরেনায় হামবুর্গকে উড়িয়ে দিয়েছে তারা। খেলাটিতে প্রথমার্ধ শেষেই বায়ার্ন ৫-০ ব্যবধানে এগিয়ে ছিল।
এখন বাভারিয়ানদের একটি পয়েন্ট দরকার পরের সাত লিগ ম্যাচে। লিগে টানা দশ ম্যাচে জয় পেয়েছে হেইঙ্কস বাহিনী। ট্রেবল জয়ের দারুণ সুযোগ রয়েছে তাদের হাতে (বুন্দেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ)। বায়ার্নের শিরোপা মানে দুই বছরের রাজত্ব শেষ হচ্ছে ডর্টমুন্ডের।
এদিকে আগামীকাল মঙ্গলবার অ্যালিয়েঞ্জ এরেনাতে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মোকাবেলা করবে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসের। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে এমন জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে মিউনিখকে।
