পুরাতন সাতক্ষীরা বাজারে ধর্মঘট

এক সংখ্যালঘুকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:৪০
সাতক্ষীরায় ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা দোকানপাট ভাংচুর ও নগদ দুই লাখ টাকা ছিনতাইসহ এক সংখ্যালঘুকে কুপিয়ে জখম করেছে। আহত ব্যক্তির নাম উজ্বল সাধু। তিনি শহরের পুরাতন সাতক্ষীরা বাজারের মেসার্স সাধু খাঁ এন্টারপ্রাইজের মালিক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এ ঘটনায় গতকাল রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য দোকানপাট বন্ধ রেখে ধর্মঘটের ডাক দিয়েছে ও বিক্ষোভ সমাবেশ করেছে পুরাতন সাতক্ষীরা বাজার ব্যবসায়ী সমিতি। পুরাতন সাতক্ষীরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহুল ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে শহরের ছাত্রলীগ ও যুবলীগ কর্মী নামধারী ৬/৭ জন সন্ত্রাসী পুরাতন সাতক্ষীরা বাজারের মেসার্স সাধু খাঁ এন্টারপ্রাইজে রামদা, চাপাতি, হকিস্টিক ও জিআই পাইপ নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা এ সময় দোকান মালিক উজ্বল সাধুকে রামদা দিয়ে তার পা, হাতে ও মুখে কোপ দেয়। কুপিয়ে জখম করার এক পর্যায়ে তারা তার কাছ থেকে নগদ দুইলাখ টাকাসহ অন্যান্য মালামাল ছিনতাই করে নিয়ে যায়। আহত দোকান মালিক উজ্বল সাধু বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এদিকে, এ ঘটনাসহ দেশব্যাপী সংখ্যালঘু সমপ্রদায়ের উপর হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও সহিংসতাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় হিন্দু-ছাত্র মহাজোট। তারা গতকাল রবিবার দুপুরে শহরের নিউ মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে এ সময় বক্তব্য রাখেন জাতীয় হিন্দু-ছাত্র মহাজোটের সভাপতি আকাশ মণ্ডল, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেতা তপনশীল, অম্বিক মণ্ডল প্রমুখ।