আগামী ৪ এপ্রিল থেকে সিলেটে শুরু হচ্ছে দেশের দ্বিতীয় ই-বাণিজ্য মেলা ও ডিজিটাল উদ্ভাবনী মেলা। ‘ঘরে বসে কেনাকাটার উত্সব’ স্লোগান নিয়ে আয়োজিত এ মেলা সিলেট স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও সিলেট বিভাগীয় কমিশনারের পৃষ্ঠপোষকতায় ‘সিলেট ই-বাণিজ্য মেলা ২০১৩ ও ডিজিটাল উদ্ভাবনী মেলা’-এর আয়োজক সিলেট জেলা প্রশাসন ও মাসিক কমপিউটার জগত্। সম্প্রতি মেলা উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে মেলার বিস্তারিত বিষয়বস্তু উপস্থাপন করেন ই-বাণিজ্য মেলার আহ্বায়ক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল। বক্তব্য রাখেন মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এন আই খান, কমপিউটার জগত্-এর সহকারি সম্পাদক এমএ হক অনু এবং মেলার সমন্বয়কারী মোহাম্মদ এহেতশাম উদ্দিন মাসুম। আয়েজকরা জানান, তিন দিনব্যাপী এই মেলায় ই-কমার্সের সঙ্গে জড়িত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ৪৫টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে অংশগ্রহণ করবে। পণ্য ও সেবা ক্রেতাদের জন্য বিশেষ সুযোগের পাশাপাশি ই-কমার্স নিয়ে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন ধরনের আয়োজন থাকবে এই মেলায়।
