অ্যাপস২প্লে প্ল্যাটফর্মের যাত্রা শুরু

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ১৮:৩৯
তথ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এসএসএল ওয়্যারলেস চালু করেছে মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম অ্যাপস২প্লে। এর উদ্বোধন উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মের যাত্রা এই প্রথম। এই প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে অ্যান্ড্রয়েড বা অন্য স্মার্টফোনের জন্য অ্যাপ্লিকেশন তৈরির পাশাপাশি সেগুলো প্রকাশ করা এবং দেশি বা আন্তর্জাতিক বাজারে বিক্রিও করা যাবে সহজেই। apps2play.mobi-এর এই প্ল্যাটফর্মটি আমাদের দেশে ই-কমার্সের জন্য আদর্শ একটি ইকোসিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।