নানা সময়ে আকর্ষণীয় মূল্যছাড়ের কথা জানিয়ে সম্ভাব্য ক্রেতাদের ক্যাটালগ পাঠানো বা অন্য কোনো মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা নতুন কিছু নয়। তবে একটি ভুলের কারণে প্রথাগত এই পদ্ধতিতে নিজেদের পণ্য বিক্রি করতে যেয়ে সম্প্রতি ভীষণ বিপাকে পড়ে আমেরিকা ভিত্তিক ডিপার্টমেন্টাল চেইন শপ মেসি। সম্প্রতি কয়েক হাজার তালিকাভুক্ত ক্রেতার কাছে পাঠানো এক ক্যাটালগে মেসি তাদের তৈরি রুপা ও স্বর্ণের সংমিশ্রণে তৈরি ১৫০০ ডলারের একটি সিলভার নেকলেস মাত্র ৪৭ ডলারে বিক্রির ঘোষণা দেয়। যদিও ১৪ ক্যারাটের এই নেকলেসটির মূল দাম কোনোভাবেই ৪৭ ডলার হওয়ার কথা ছিল না এবং মেসি তাদের বিশেষ অফারে এই নেকলেসটি ৪৭৯ ডলারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ঝামেলা বাধে এই প্রচারণার জন্য কপি লেখার দায়িত্ব থাকা কপিরাইটারের ভুলে। এ কারণে গ্রাহকদের কাছে যাওয়া ৪৪ পাতার এই ক্যাটালগের প্রতিটি স্থানেই ভুলবশত ৪৭৯ ডলারের শেষে থাকা ৯ সংখ্যাটি বাদ পড়ে এবং নেকলেসটির দাম মুদ্রিত হয় ৪৭ ডলার হিসেবে। আর অবিশ্বাস্য এই অফারে সাড়া দিয়ে খুব দ্রুতই কলিন ক্রিক মলের মেসি স্টোরে ভিড় করতে থাকেন ক্রেতারা। মুহূর্তের মধ্যে ফুরিয়ে যায় নেকলেসটির স্টকও। এমনকি দেরি করে আসার কারণে নেকলেসটি কিনতে না পারার কারণে অনেকে ৪৭ ডলারের এই নেকলেসটির জন্য আগাম বুকিংও দিয়ে যান। তবে এরই মধ্যে ভুলটি ধরা পড়ায় তাত্ক্ষণিকভাবে বিক্রি বন্ধ করে মেসির সকল স্টোরে নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে বার্তা প্রচার করা শুরু করে কর্তৃপক্ষ। একই সাথে এই দামে আর কোনো নেকলেসের অর্ডার না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় স্টোরটির ফাইন জুয়েলারি বিভাগকেও। এদিকে অভাবনীয় এই ভুল সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসি স্টোরের একজন মুখপাত্র জানান, ‘ভুলটি ধরা পড়ার সাথে সাথেই তা আমরা সংশি¬ষ্ট বিভাগকে জানাই এবং আমাদের সকল স্টোরের দরজায় এই ভুলের কথা জানিয়ে ইলেকট্রনিক বার্তাও প্রচার করা হয়। তবে ভুলটি ধরা পড়ার আগেই যারা ৪৭ ডলারে নেকলেসটি সংগ্রহ করতে পেরেছিলেন তারা সত্যিই ভাগ্যবান। অন্যদিকে যারা একই দামে অগ্রিম টাকা দিয়ে পরে নেকলেসটি সংগ্রহ করতে চেয়েছিলেন তাদের কাছে আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই।’
