সব পজিশনেই প্রস্তুত ম্যাক্সওয়েল

আপডেট : ০৬ মে ২০১৯, ২১:৪৪

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গেল আসরে গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকে ছিলেন তিনে। আট ম্যাচে তিনি ৬৪.৮০ গড়ে করেছিলেন ৩২৪ রান। এমনকি ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরিটাও সেবার বিশ্বকাপেই পেয়েছিলেন। ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলটির ব্যাটিং অর্ডারে বেশ কার্যকর ছিলেন ম্যাক্সওয়েল।

তবে, মজার ব্যাপার হলো নিয়মিত সাতে ব্যাট করা এই ব্যাটসম্যানের জন্য সেবার নির্ধারিত কোনো পজিশন ছিল না। দলের প্রয়োজন মাফিক তার ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসত। এবারো একই ভূমিকা রাখতে প্রস্তুত ম্যাক্সওয়েল। বিশ্বকাপ সামনে রেখে এই অলরাউন্ডার বলেন, ‘এটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের মজা হয়। আমাকে ইনিংসের পুরোটা সময়জুড়েই প্যাড-ট্যাড পরে থাকতে হয়। কখন ব্যাট করতে নামতে হয় কে জানে। এই ব্যাপারে আমার পরিকল্পনা হয় মূলত কোচ জাস্টিন ল্যাঙ্গারের সাথে। তিনিই আমাকে বুঝিয়ে দেন, দল আমার কাছে ঠিক কি চায়। অধিনায়ক ফিঞ্চের মতামতও চাওয়া হয়। ২০১৫ বিশ্বকাপে এই কাজটা করেছি আমি। প্রয়োজন আসলে এবারো করতে পারবো।’

আগামী এক জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু হবে অজিদের। ম্যাচটি হবে ব্রিস্টলে এর আগে অবশ্য ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ফেরায় বেশ চাঙ্গা আছে দলটি। আর সাম্প্রতিক সময়ের দুরবস্থাও কাটিয়ে উঠেছে জাস্টিন ল্যাঙ্গারের দল। জিতেছে সর্বশেষ আটটি ওয়ানডের সবগুলোই।

অস্ট্রেলিয়ার মতো ম্যাক্সওয়েলের সময়টাও ভালো কাটছে। শেষ ১৩টি ম্যাচে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ৪১.৬৩ গড়ে করেছেন ৪৫৮ রান। এবার এই ফর্মটাই বিশ্বকাপে নিয়ে যাওয়ার পালা।