টুকিটাকি

যাদবের চোট

আপডেট : ০৬ মে ২০১৯, ২১:৪৫

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ। কাঁধে চোট পেয়েছেন অলরাউন্ডার কেদার যাদব। গেল রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ চলাকালে ফিল্ডিং করতে গিয়ে তিনি আঘাত পান। ফলে, টুর্নামেন্টের বাকিটা সময় তাকে দেখা যাবে না। বিশ্বকাপও ঝুঁকির মুখে পড়েছে।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার ফিল্ডিংয়ের ১৪তম ওভারের পর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন। আর ফেরেননি। গতকাল সোমবার তার স্ক্যান করা হয়েছে।

যদিও, চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং এই চোটকে গুরুতর বলেই মানছেন। বললেন, ‘যাদব স্বাভাবিকভাবে খেলতে পারছে না। স্ক্যান রিপোর্টের জন্য এবার অপেক্ষা করা যাক। খালি চোখে দেখে আমার খুব একটা ভালো মনে হয়নি।’

এবারের আইপিএলে ১২ ইনিংসে ১৬২ রান করেছেন তিনি। যাদবের ইনজুরির ইতিহাস নতুন কিছু নয়। গেলবারও হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে প্রায় পুরোটা আইপিএলই তিনি মাঠের বাইরে কাটান। এমনকি ২০১৮ সালের এশিয়া কাপ চলাকালেও তিনি ইনজুরিতে পড়েছিলেন।

যাদব বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দলে আছেন। তিনি শেষমেশ চোট কাটিয়ে ফিট হতে না পারলে কপাল খুলে যেতে পারে ঋশাভ পান্ত কিংবা আম্বাতি রাইডুর। দুইজনই সামান্য ব্যবধানে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি।

আগামী ১২ মে শেষ হবে আইপিএল। এরপর ২২ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারত। বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ভারতের বিশ্বকাপ মিশন অবশ্য একটু পরে শুরু হবে। আগামী পাঁচ জুন ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।