ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান স্মারক বক্তৃতা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সোমবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান ফাউন্ডেশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ স্মারক বক্তৃতা প্রদান করেন।
স্মৃতিচারণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্ল¬াহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামানের সহধর্মিণী ফাতেমা জামান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ছিলেন সত্, উদার, দায়িত্ববান, আদর্শ শিক্ষক ও গবেষক। মানবতার কল্যাণে তিনি সার্বক্ষণিক কাজ করে গেছেন। বর্তমানে তার মতো ভাল মানুষের বড় প্রয়োজন। তিনি আরও বলেন, আসাদুজ্জামান তার কর্মের মধ্যেই চিরস্মরণীয় হয়ে থাকবেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভিন্ন বর্ষের ১৫ জন শিক্ষার্থীকে অধ্যাপক মো. আসাদুজ্জামান ফাউন্ডেশন এন্ডাওমেন্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়।
