চলতি এইচএসসি পরীক্ষার সময়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক। সোমবার এক বিবৃতিতে তারা বলেন, দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীনে দশ লক্ষাধিক ছাত্র-ছাত্রী যখন পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, সে সময়ে এ ধরনের হরতাল আহ্বান অনাকাঙ্ক্ষিত, অনিভিপ্রেত এবং সকল বিবেচনায় অগ্রহণযোগ্য। বিবৃতিতে তারা আরো বলেন, এর আগেও হরতালের সময় লালমনিরহাটে প্রাইমারী স্কুলের ক্লাসে ঢুকে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের অমানবিকভাবে পেটানোর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিবৃতিতে পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোন ধরনের কর্মসূচি প্রদান না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিদারা হলেন— শিল্পী কাইয়ুম চৌধুরী, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, বিএসএমএমইউ উপচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, শামসুজ্জমান খান, রামেন্দু মজুমদার, হাশেম খান, ফেরদৌসি মজুমদার, মহাদেব সাহা, ডা. সারোয়ার আলী, সেলিনা হোসেন, ড. মুহাম্মদ সামাদ, খুশি কবির, ডা. কামরুল হাসান খান ও গোলাম কুদ্দুছ।
