দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাশন প্যারেড করেছেন। ত্রাণ বিতরণ না করে তিনি রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন। সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী উপস্থিত থেকে বলেন, বিরোধী দলীয় নেত্রী অসত্য কথা বলেছেন। তিনি যখন ঐ এলাকা দিয়ে যান তখন মনে হচ্ছিল শোভাযাত্রা। আনন্দ উত্সব চলছিল। বিরোধী দলীয় নেত্রী সাতটি পরিবারকে ৩০ হাজার টাকা করে দিয়েছেন। কিন্তু ঘোষণা দিয়েছেন ৩৫ পরিবারকে সহায়তা দেয়ার।
মন্ত্রী বলেন, টর্নেডো আঘাত হানা এলাকায় পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে। ঐ ঘটনায় গতকাল পর্যন্ত ৩৬জন মারা গেছে বলে তিনি জানান। নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা এবং আহত ৩৮৮ পরিবার পিছু পাঁচ হাজার করে টাকা দেয়া হয়েছে। এক হাজার ২৪১ পরিবারকে ঘর বানিয়ে দেয়া হয়েছে।
