তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি দেশে আর ফিরবে না : নাসিম

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩৭
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, হরতাল করুন, আর যাই করুন, এদেশে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে ফিরবে না। তিনি বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, আগামী জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। যত চেষ্টা করুন, আর যত আন্দোলনই করুন, তত্ত্বাবধায়কে আর ফিরবে না দেশ, যুদ্ধাপরাধীদের বিচারও বন্ধ হবে না।’ নাসিম সোমবার জাতীয় প্রেসক্লাবে তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। তাঁতী লীগের আহ্বায়ক এনাজুর রহমানের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসের চৌধুরী মায়া বীর বিক্রম, তাঁতী লীগের যুগ্ম আহবায়ক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, সাধনা দাস গুপ্তা, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, ভারপ্রাপ্ত দপ্তর দম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।