বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দেশে চাহিদা মোতাবেক বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়েছে।
রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাকে সম্পূর্ণ লোডশেডিংমুক্ত রাখার পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য মো. ইসরাফিল আলম, শেখ ফজলে নূর তাপস এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সভায় অংশগ্রহণ করেন ।
সভার শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও বর্তমান সংসদের সাবেক সদস্য মরহুম মো. আব্দুল জলিলের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সভায় তাঁদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় বিগত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সফলতা অর্জনকারী বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিদ্যুত্ বিভাগের সিদ্ধান্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলী কমিটিকে অবহিত করা হয়।
সভায় বন্ধ বা মেরামতের প্রক্রিয়াধীন সরকারি বিদ্যুত্ কেন্দ্রসমূহ যথাসময়ে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া চলতি সেচ এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমের বর্ধিত চাহিদার প্রেক্ষিতে বিদ্যুত্ উত্পাদন, সরবরাহ ও বিতরণ ব্যবস্থার প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। সভায় বিদ্যুতের অভাবে কৃষিতে সেচ কার্য কোনক্রমেই যাতে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে বিদ্যুত্ সরবরাহ নিশ্চিতকল্পে গ্যাসসহ প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বৃদ্ধির সুপারিশ করা হয়। একই সঙ্গে দেশের বিদ্যুত্ সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর বর্তমান অবস্থা ও উন্নয়নে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। পল্লী বিদ্যুতের আওতায় গ্রামের গ্রাহকদের জরুরি ভিত্তিতে বিদু্যুত্ সংযোগ ও সরবরাহ প্রদানের সুপারিশ করা হয়।
