আশা শেষ ম্যান ইউর
স্পোর্টস ডেস্ক
চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে জিতে টটেনহ্যাম হটস্পারকে টপকে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। দিনের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল নিজ নিজ ম্যাচে ড্র করায় চ্যাম্পিয়ন্স লিগে ফেরাও নিশ্চিত হয়ে গেছে কোচ মাওরিজিও সারির দলের।
গেল রবিবার ম্যানইউ পয়েন্ট তালিকার তলানীর দল হাডার্সফিল্ডের মাঠে ম্যাচের শুরুতে স্কট ম্যাকটমিনির গোলে এগিয়ে যায়। তবে ৬০ মিনিটে স্বাগতিকরা সমতা ফেরায়। এরপর ইউনাইটেডের অগ্রগামিতা ফেরত পাওয়ার চেষ্টা বিফলে গেলে ১-১ গোলে ড্রতে বাধ্য হয় কোচ ওলে গুনার সোলসারের দল। এ মৌসুমে অবনমন অঞ্চলের দলের কাছে প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের কোনোটির পয়েন্ট খোয়ানোর প্রথম নজির এটি। এর ফলে পয়েন্ট তালিকার শীর্ষ চারে ওঠার আশা শেষ হয়ে যায় ইউনাইটেডের।
ম্যানইউ ম্যাচের চিত্রনাট্য ধরে এগিয়েছে আর্সেনালের খেলাটিও। নিজেদের মাঠে শুরুতে পিয়েরে এমেরিক অবামেয়াঙ এর গোলে এগিয়ে গেলেও ৬১ মিনিটে গ্লেন মারের গোলে সফরকারী ব্রাইটন সমতা ফেরালে ১-১ গোলের ড্রয়ে বাধ্য হয় আর্সেনাল।
৩৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা গানারদের অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের আশা এখনো শেষ হয়ে যায়নি। সেক্ষেত্রে অনেক যদি কিন্তুর হিসাব মেলাতে হবে দলটিকে। সমানসংখ্যক ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চারে থাকা টটেনহ্যাম শেষ ম্যাচে নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে চার গোলের ব্যবধানে হারলে আর বার্নলির মাঠ থেকে এর চেয়ে বেশি গোলে জিতলে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাবে বর্তমানে স্পার্সদের থেকে ৮ গোলের ব্যবধানে পিছিয়ে থাকা আর্সেনাল। সব মিলিয়ে সম্ভাবনাটা তাই খুব ক্ষীণ।
আর্সেনালের সামনে আরেকটা পথ অবশ্য এখনো খোলা আছে। ইউরোপা লিগের সেমিফাইনালে থাকা দলটি শিরোপাজয়ে সক্ষম হলেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পারবে।
ম্যানইউ আর আর্সেনালের হোঁচট দারুণ সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল চেলসির সামনে। কোচ সারির শিষ্যরা তা লুফেও নিয়েছেন দুহাত ভরে। নিজেদের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুর তিন মিনিটেই রুবেন লফটাস চিক ও ডেভিড লুইজ গোল করে দুই গোলে এগিয়ে দেন চেলসিকে। এরপর পেদ্রো রদ্রিগেজের পাস থেকে গঞ্জালো হিগুয়েইন গোল করলে ম্যাচের সব অনিশ্চয়তা দূর হয়। ৩-০ গোলের এই জয়ে ৩৭ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট অর্জন করেছে চেলসি। টটেনহ্যামকে টপকে তিনেও চলে এসেছে সারির শিষ্যরা। এর ফলে এক মৌসুম পর আবারো চ্যাম্পিয়ন্স লিগে ফিরে এসেছে ব্লুজরা। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ সারি বলেন, ‘মৌসুমের শুরুতে শীর্ষ চারে শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে চেয়েছিলাম আমরা।’
দলের প্রাথমিক লক্ষ্য অর্জিত হওয়ায় কোচ এবার নজর দিচ্ছেন ইউরোপা লিগে। সারির ভাষায়, ‘ইউরোপা লিগও অনেক গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা। আমরা এটা জিততে চাই কেননা আমরা মনে করি, এই মৌসুমে অন্তত একটা শিরোপা আমাদের প্রাপ্য। তাই এখন আমাদের সামনে দুটো লক্ষ্য।’
