গাজীপুর কারাগারে ৫৬ জন এইচএসসি পরীক্ষা দিচ্ছে

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২০:০২
গাজীপুর জেলা কারাগার ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন মামলায় আটক ৫৬ বন্দি গত সোমবার থেকে শুরু হওয়া এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে কাশিমপুর কারাগার থেকে ৫৫ এবং গাজীপুর জেলা কারাগার থেকে এক বন্দি পরীক্ষায় অংশগ্রহণ করে। কারাগার সূত্র জানায়, কারা বিধি অনুয়ায়ী আটক বন্দিরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেতে কারাগারের মাধ্যমে শিক্ষা বোর্ডে আবেদন করে। বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেয়। বন্দিরা কারাগারের অভ্যন্তরে সংশ্লিষ্ট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থীরা সরকারি ভাওয়াল কলেজ কেন্দ্রের মাধ্যমে কারা অফিসে পরীক্ষায় অংশ নেয়। কাশিমপুর কারাগার পার্ট-১-এর ডেপুটি জেলার মুশফিকুর রহমান জানান, তার কারাগার থেকে দুইজন এইচএসসি, ১৩জন আলিম ও কারিগরি বোর্ডের ৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার সুভাষ চন্দ্র ঘোষ জানান, এ কারাগার থেকে দুইজন এইচএসসি ও ১৩ জন আলিম পরীক্ষায় অংশ নিয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুর রাজ্জাক জানান, সেখান থেকে দুইজন এইচএসসি ও ১৫ জন আলিমসহ অন্যান্য বোর্ড হতে মোট ২২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে গাজীপুর জেলা কারাগারের জেলার বাহার উদ্দিন জানান, এ কারাগার থেকে ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্র পরীক্ষায় অংশ নেয়।