রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পসহ ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদন দেয়া হয়েছে মাদ্রাসা শিক্ষার পরিবেশ উন্নয়ন প্রকল্প। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে ৯ হাজার ৪৯৮ কোটি টাকা ব্যয় হবে। ব্যয়ের মধ্যে তিন হাজার ৩৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট ছয় হাজার ৪৬৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেক-এর অন্যান্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
