ত্রিদেশীয় পরমাণু আলোচনায় অংশ নেবে না চীন

আপডেট : ০৬ মে ২০১৯, ২১:৫০

রয়টার্স

ত্রিদেশীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেবে না চীন। চীন বলেছে, পরমাণু অস্ত্র সীমিতকরণ নিয়ে নতুন একটি চুক্তি করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তাদের যে আলোচনার কথা ছিল সেখানে অংশ নেবে না তারা। গতকাল চীনের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, তাদের যে পরমাণু শক্তি রয়েছে তা একেবারে ‘নিম্নতম পর্যায়ের’। আর এগুলো তাদের জাতীয় নিরাপত্তার কারণেই রয়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে তুলনা করা চলে না। তিনি বলেন, চীন সবসময়ই পারমাণবিক অস্ত্র ধ্বংস ও নিরস্ত্রীকরণের বিষয়ে একমত। এ নিয়ে তাদের মাঝে কোনো দ্বিমত নেই। সেইসঙ্গে তারা বিশ্বাস করে যে, বৃহত্ পারমাণবিক দেশগুলোর এ ব্যাপারে কিছু দায়-দায়িত্ব রয়েছে। আর সেগুলো হলো— পারমাণবিক অস্ত্র ধ্বংস, নিরস্ত্রীকরণ কিংবা সীমিতকরণের বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়া। সেই লক্ষ্যে আলোচনার মাধ্যমে একটা পথ তৈরি করা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত শুক্রবার তিনি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, এই আলোচনায় চীনকে অন্তর্ভুক্ত হওয়া উচিত। বিশ্বের তিন পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই আলোচনা হলে তা সকলের জন্যই মঙ্গলজনক বার্তা বয়ে আনবে। 

বিশ্লেষকরা বলছেন, অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে ২০১১ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নিউ স্টার্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেটি ২০২১ সালে ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতে সেই চুক্তির কী হবে তা আমরা জানি না। তবে আমরা মনে করছি চুক্তিটির মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানো উচিত। আর এটি বিশ্বের নিরাপত্তার কারণেই করা উচিত। তবে সবকিছুই নির্ভর করে উভয় দেশের সম্মতির ওপর। আর যদি সেটা করা না যায় তাহলে তা বিশ্বের জন্য একটি মারাত্মক হুমকির বিষয় হয়ে দাঁড়াবে।