বিটিভির বহিরাগত অনুষ্ঠান পরিকল্পনাকারী শহীদুল খুন

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২০:৫২
রাজধানীর উত্তরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বহিরাগত অনুষ্ঠান পরিকল্পনাকারী শহীদুল ইসলাম। উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ির মিডিয়া ভিশন নামে প্রতিষ্ঠান থেকে শহীদুলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। শহীদুল ইসলাম সাভারের নবীনগরে নিজ বাড়িতে সপরিবারের থাকতেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শহীদুল ইসলাম বাংলাদেশ টেলিভিশনের ‘পৌরদর্পন’ নামে একটি অনুষ্ঠানের বহিরাগত পরিকল্পনাকারী। এছাড়া তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভিতে প্রোগ্রামার হিসাবে কাজ করতেন। উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ির নিচতলার ৩টি কক্ষ ভাড়া নিয়ে মিডিয়া ভিশন ব্যবসা প্রতিষ্ঠান খোলেন শহীদুল ইসলাম। সাভারের নবীনগর থেকে তিনি প্রতিদিন অফিস করতেন। এই অফিস থেকে তিনি ভিডিও ক্যামেরাও ভাড়া দেন। শহীদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম জানান, সোমবার সকালে বাড়ি থেকে বের হন অফিসের উদ্দেশ্যে। ঐ দিন বিকালে তার মোবাইলে ফোন দিয়ে তিনি বন্ধ পান। রাতে বাসায় না ফেরায় চিন্তায় পড়েন। মঙ্গলবার সকালে তার জামাতা অফিসে গিয়ে দেখেন দরজা বন্ধ। প্রতিষ্ঠানের কর্মচারীদের কেউ নেই। অফিসে তার বসার সিটে রক্তাক্ত দেহ পড়ে আছে। তার হাত-পা বাঁধা ছিল। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করেছে। ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করে। শহীদুল ইসলামের শ্বশুর আলতাফ হোসেন বলেন, শহীদুল মিডিয়াতে কাজ করে ভালো টাকা আয় করতো। তবে কারও সঙ্গে শত্রুতার কথা তিনি জানেন না। শহীদুলের এক মেয়ে ও এক ছেলে। মেয়ে সুপ্তির বিয়ে হয়েছে। ছেলে সুপ্ত ৮ম শ্রেণির ছাত্র। শহীদুলের বাড়ি বরিশালের গৌরনদীর বিল্লাত গ্রামে। পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নিসারুল আরিফ বলেন, নিহতের শরীরে ছুরির আঘাতের চিহ্ন আছে। তার পুরুষাঙ্গও কাটা ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, এ ঘটনার সঙ্গে কোন নারীঘটিত ঘটনা থাকতে পারে। তবে ঐ প্রতিষ্ঠানের ৫ জন কর্মচারী পলাতক রয়েছেন। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।