প্রযুক্তি ব্যক্তিত্ব

জন মশলি

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২১:১৬
বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে এনিয়াক স্মরণীয় হয়ে রয়েছে বিশ্বের ইতিহাসে। এই এনিয়াক তৈরির সাথে সংশ্লিষ্ট হয়ে এনিয়াকের মতোই বিশ্বের ইতিহাসে অমর হয়ে রয়েছেন জন মশলি। ১৯০৭ সালের ৩০ আগস্ট ওহাইয়োতে জন্মগ্রহণ করেন মশলি। প্রকৌশল বিষয়ে শিক্ষাবৃত্তি নিয়ে মশলি ভর্তি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে। ১৯২৫ সালে তিনি এখানে স্নাতকে ভর্তি হলেও ১৯২৭ সালেই সরাসরি ভর্তি হয়ে যান পিএইচডি প্রোগ্রামে। পিএইচডি সম্পন্ন করে তিনি শিক্ষকতা শুরু করেন ফিলাডেলফিয়ার নিকটবর্তী আরসিনাস কলেজে। সেখানেই তিনি কিছু ডিজিটাল কম্পিউটার নিয়ে কাজ করা শুরু করেন। ১৯৪১ সালে তিনি মুর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হন। সেখানেই তার পরিচয় ঘটে প্রেসপার একার্টের সাথে। ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী মুর স্কুলের সাথে চুক্তি করে এনিয়ার তৈরির। এর হার্ডওয়্যারের ডিজাইন প্রেসপার করলেও কনসেপচুয়াল ডিজাইন করেন মশলি। পরবর্তীতে এডভ্যাক, বাইনাক এবং ইউনিভ্যাক১-এর সাথেও সংশ্লিষ্ট ছিলেন তিনি। ১৯৮০ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন মশলি।