রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলে উত্পাদন বন্ধ
খুলনা অফিস
খুলনায় ফের ফুঁসে উঠেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বকেয়া মজুরি পাওনার দাবিতে রবিবার দুপুরের পর থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা একে একে ৯টি পাটকল বন্ধ করে দেন। সোমবার দিনভর উত্পাদন বন্ধ রেখে পাটকলের ভেতরে দফায় দফায় মিছিল সমাবেশ করা হয়। এদিকে আজ মঙ্গলবারও শ্রমিকরা মিলের উত্পাদন বন্ধ এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।
রবিবার দুপুরের পর বন্ধ করে দেওয়া মিলগুলো হচ্ছে প্লাটিনাম জুবিলি জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল, ইস্টার্ন জুট মিল, কার্পেটিং ও জে জে আই জুটমিল।
প্লাটিনাম জুট মিলের শ্রমিক নূর ইসলাম বলেন, কাজে যোগ দেওয়ার পরে শুধু শবেবরাতে এক সপ্তাহের মজুরি দিয়েছে। আগের মজুরি তো দেয়ইনি, বরং চলতি সপ্তাহেরও মজুরি দেয়নি। সবকিছু সহ্য করা যায়, পেটের ক্ষুধা কীভাবে সহ্য করি।
শ্রমিকরা জানান, বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে গত ২ এপ্রিল থেকে ৭২ ঘণ্টা ধর্মঘট করেন তারা। এরপর ১৫ এপ্রিল থেকে তারা ৯৬ ঘণ্টার ধর্মঘট শুরু করেন। ১৫ এপ্রিল রাতে ঢাকায় শ্রম প্রতিমন্ত্রী ও বিজেএমসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর তাদের আশ্বাসে শ্রমিক নেতারা কর্মসূচি স্থগিত করেন। বৈঠকে ২৫ এপ্রিলের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়। কিন্তু প্রতিশ্রুতিমতো এখনো ওই বকেয়া পরিশোধ করা হয়নি।
স্টার জুটমিলের প্রকল্প প্রধান শাওন মাহমুদ বলেন, শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি বিজেএমসিকে জানিয়েছি। সেখান থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, সোমবার সভা করে কাজ বন্ধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচিও নেওয়া হয়েছে। ৮ মে ঢাকায় মিটিং করে নতুন কর্মসূচি নেওয়া হবে।
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) খুলনা আঞ্চলিক সমন্বয়কারী সাজ্জাদ হোসেন জানান, সার্বিক অবস্থা নিয়ে তিনি বিজেএমসির প্রধান কার্যালয়ে যোগাযোগ করেছেন। সেখান থেকে তাকে জানানো হয়েছে এখনো অর্থ সংস্থান হয়নি। প্রধানমন্ত্রী দেশে ফেরার আগে বিষয়টি সুরাহা হওয়ার সম্ভাবনা কম।
