বর্তমানের এই সময়টাতে আমরা মোবাইল ফোন ছাড়া একটি দিনও ভাবতে পারি না। সময়ের সাথে সাথে এটি জীবনের অপরিহার্য এক অনুষঙ্গে পরিণত হয়েছে। কেবল উন্নত বিশ্বেই নয় উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতেও এখন মোবাইল ফোন ছড়িয়ে পড়েছে সব ধরনের মানুষের মাঝে। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহূত প্রযুক্তি পণ্য এখন মোবাইল ফোন। গতকাল এই জনপ্রিয় প্রযুক্তি পণ্য অতিক্রম করেছে ৪০ বছর। ১৯৭৩ সালের ৩ এপ্রিল বিশ্বের প্রথম মোবাইল ফোনটি তৈরি হয়। মটোরোলার প্রকৌশলী মার্টিন কুপার বিশ্বের প্রথম এই মোবাইল ফোন তৈরি করেন। এই ফোনের নাম ছিল মটোরোলা ‘ডায়না টিএসি’। অবশ্য পরিপূর্ণ বাণিজ্যিক মোবাইল ফোন বাজারে আসে আশির দশকে। এরপর বর্তমানে বিশ্বে মোবাইল ফোনের ব্যবহারকারী ৬০০ কোটির বেশি। আর অনেক পথ অতিক্রম করে এখন চলছে স্মার্টফোনের যুগ, যা মোবাইল ফোনকে পরিণত করেছে হাতের মুঠোয় ক্ষুদ্রাকৃতির কম্পিউটিং ডিভাইস হিসেবে। এর বাজারও কমার কোনো লক্ষণ নেই এখনও পর্যন্ত।
