মাদ্রাসাশিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:১৩

বরিশাল অফিস

মাদ্রাসাশিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে বরিশাল জেলার সকল মাদ্রাসাশিক্ষক-কর্মচারীগণ এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মাওলানা এম এ রব, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, জেলা কমিটির সভাপতি মাওলানা কামেল কাওসার, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খান। বক্তারা মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসর ও কল্যাণ তহবিলে অতিরিক্ত ৪ ভাগ কর্তনের সিদ্ধান্ত বাতিল, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করা, প্রাইমারি বিদ্যালয়ের ন্যায় মাদ্রাসার সকল সুযোগ-সুবিধার দাবি জানান।

মানববন্ধন শেষে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।