স্বাধীনবাংলা বেতারের শিল্পী ওহাবের চিকিত্সার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১২
দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর পক্ষাঘাতে আক্রান্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বংশীবাদক ও বরিশালের গৌরনদী উপজেলার টিকাশার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের চিকিত্সাসহ তার পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রেরিত এক লাখ টাকার চেক আব্দুল ওহাবের হাতে তুলে দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী। গত ২মার্চ দৈনিক ইত্তেফাকে “টাকার অভাবে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল ওহাবের চিকিত্সা বন্ধ” শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে পরে। তিনি আব্দুল ওহাবের অসহয়াত্বের কথা ভেবে তাকে সহায়তার জন্য হাত বাড়ান। অতঃপর বরিশালের জেলা প্রশাসকের মারফত আব্দুল ওহাবের কাছে এক লাখ টাকার চেক পাঠান। একইসাথে তাকে সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিত্সাসেবা প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।